দীঘিনালায় নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা
দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বেসরকারি সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প কর্মকর্তা সুকিরন চাকমার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন দীঘিনালা উপজেলা আইটি কর্মকর্তা সলিল চাকমা, সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার শ্বশতী দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. সোহেল রানা এবং উপজেলা তথ্যসেবা কর্মকর্তা স্বরুপিনি ত্রিপুরা।
কর্মশালায় দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়নে তৃণমূল উন্নয়ন সংস্থার এমপাওয়ারমেন্ট প্রকল্পের নারী ও পুরুষ সদস্যরা অংশ নেন।
কর্মশালায় ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা অবসানে ঐক্যবদ্ধ হোন, ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন এবং দায়মুক্তির অবসান ঘটান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা করা হয়।
আলোচনায় জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসব কর্মসূচির উদ্দেশ্য শুধু প্রতীকী প্রতিবাদ বা সচেতনতা সৃষ্টি নয়; বরং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা।
একই সঙ্গে নারী ও শিশুদের জন্য কার্যকর, সহজলভ্য, নিরাপদ ও সমন্বিত সুরক্ষা এবং সেবাব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাহাড় সব খবর















