Cvoice24.com

২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৯:১৩, ২৪ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ফেব্রুয়ারিতে শুরু হবে লালদিয়া টার্মিনালের নির্মাণকাজ

চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানো এবং পরিবেশবান্ধব সামুদ্রিক অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে চলছে। দক্ষিণ এশিয়ার প্রথম গ্রিন গেটওয়ে হিসেবে পরিকল্পিত এ টার্মিনালের পূর্ণাঙ্গ নির্মাণকাজ শুরু হওয়ার কথা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। ২০২৯ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রকল্পের অগ্রগতি দেখতে চট্টগ্রামের লালদিয়া এলাকা পরিদর্শন করেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অংশীদারিত্ববিষয়ক স্টেট সেক্রেটারি এলসবেথ সন্ডারগার্ড ক্রোন। সকাল সাড়ে ৯টায় প্রকল্প এলাকায় পৌঁছালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান তাকে স্বাগত জানান। পরে প্রতিনিধিদল প্রকল্প এলাকা ঘুরে দেখে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ধারণা নেয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এসব তথ্য জানান। তিনি জানান, পরিদর্শন শেষে প্রকল্পের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন ডেনিশ স্টেট সেক্রেটারি।

সফরকালে এলসবেথ সন্ডারগার্ড ক্রোনের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার এবং ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা মিলান ক্রিস্টোফার ঝা। এ ছাড়া এপিএম টার্মিনালসের বাংলাদেশি প্রতিনিধি কিউএনএসের পরিচালক ইসরাফিল কাইয়ুম খান, প্রকল্প পরিচালক ম্যাক্রো ডি ক্যাস্ট্রো ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোমেশ ডেভিড উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে আলোচনা করেন।

এপিএম টার্মিনালসের সহযোগিতায় বাস্তবায়নাধীন লালদিয়া কনটেইনার টার্মিনালটি নবায়নযোগ্য জ্বালানিনির্ভর গ্রিন টার্মিনাল হিসেবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশবান্ধব বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আঞ্চলিক সমুদ্রবাণিজ্যে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ডেনিশ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়ন বাংলাদেশ ও ডেনমার্কের টেকসই সামুদ্রিক অবকাঠামো উন্নয়নে সহযোগিতার প্রতিফলন। প্রকল্পটি দেশের সামুদ্রিক লজিস্টিকস খাতের আধুনিকায়ন এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অর্থ-বাণিজ্য সব খবর