পতেঙ্গায় সাড়ে ৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ, পালাল কারবারিরা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকা থেকে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. শাহাদাত হোসেন নাঈম জানান, গত ২৩ নভেম্বর রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















