এমপির প্রতিষ্ঠানের হাতে সিসিটি, দরপত্র নিয়ে প্রশ্ন নাসীরুদ্দীনের
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠানের হাতে যাওয়াকে কেন্দ্র করে দরপত্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। মাত্র দুই দিনে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা এবং প্রতিযোগিতার পর্যাপ্ত সুযোগ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দরপত্র প্রক্রিয়া নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। অথচ দরপত্র জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র দুই দিন। এতে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ টাকার দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
দরপত্রের সময়সীমা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। পরদিন ১৮ নভেম্বর ছিল দরপত্রের কাগজপত্র কেনার শেষ দিন। আর ১৯ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। একই দিন দুপুর সাড়ে ১২টায় দরপত্র খোলা হয়।
এত অল্প সময়ের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, পর্যাপ্ত প্রতিযোগিতার সুযোগ না দিয়ে এত গুরুত্বপূর্ণ স্থাপনার পরিচালনার দায়িত্ব দেওয়ার যৌক্তিকতা কী?
নাসীরুদ্দীন পাটওয়ারী তার পোস্টে আরও দাবি করেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের পক্ষ থেকেও দরপত্রে অংশ নেওয়ার পর্যাপ্ত সুযোগ না পাওয়ার অভিযোগ উঠেছে। ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান সরকারি চুক্তি পাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও স্পষ্ট করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
সর্বনিম্ন দর প্রস্তাব করলেই দরপত্রের স্বচ্ছতা নিশ্চিত হয় কি না, অন্য যোগ্য প্রতিষ্ঠানগুলো সমান সুযোগ পেয়েছে কি না এবং পুরো প্রক্রিয়া স্বাধীনভাবে যাচাই করা হয়েছে কি না—এসব প্রশ্নও সামনে আনেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির এই নেতা দরপত্রের পূর্ণাঙ্গ তথ্য জনসমক্ষে প্রকাশ, প্রতিযোগিতার সুযোগ নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত যাচাইয়ের দাবি জানিয়েছেন।
পোস্টে তিনি আরও লেখেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও সরকারি সম্পদ ঘিরে সুবিধাভোগী ব্যবসার যে সংস্কৃতির সমালোচনা করা হয়েছে, তার পুনরাবৃত্তি গ্রহণযোগ্য নয়। সরকার পরিবর্তনের সঙ্গে সরকারি চুক্তি পাওয়ার সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
অর্থ-বাণিজ্য সব খবর















