Cvoice24.com

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে ছাড় ১১ হাজার টাকা

সিভয়েস২৪ ডেস্ক
১৫:২৭, ২০ নভেম্বর ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে ছাড় ১১ হাজার টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নতুন এ মূল্য ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার তৈরিতে ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে।

এর আগে গত ১৯ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে আবারও বড় অঙ্কের দরপতন হলো মূল্যবান এই ধাতুর।

বাজুসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

অর্থ-বাণিজ্য সব খবর