Cvoice24.com

রিয়াজউদ্দিন বাজারে অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে, হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৩৯, ২৩ নভেম্বর ২০২৬
রিয়াজউদ্দিন বাজারে  অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে, হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অন্যের খাওয়া শেষে প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করা হচ্ছিল ফ্রিজে। বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় হোটেলটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রিয়াজউদ্দিন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযানে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা, ‘ফজল দিন ইকবাল দিন’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এছাড়া পূরবী হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে হোটেলটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, 'অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অধিদপ্তরকে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশ। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।