Cvoice24.com

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৫২, ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণের ছাদ ধসে মো. বোরহান উদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাড়ির বাউন্ডারি ওয়ালের ওপর নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার কাজ করছিলেন বোরহান। এ সময় হঠাৎ তোরণের ছাদ ধসে পড়লে তিনি প্রায় ১৫ ফুট নিচে ইট ও কংক্রিটের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। বাইরে বের হয়ে দেখেন, নির্মাণাধীন তোরণটি ভেঙে পড়েছে এবং এক শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন।

ওই প্রত্যক্ষদর্শীর অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে তোরণটির ঢালাই দেওয়া হয়। সাধারণত ঢালাইয়ের তিন দিনের মাথায় সেন্টারিং খোলার কথা নয়। তবে ঠিকাদারের অবহেলায় আগেভাগেই সেন্টারিং খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর