চবির শাটল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, সিসিটিভি ফুটেজে নজর
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। মহানগরের রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে আগুন লাগলেও রেলওয়ে কর্মীদের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
রবিবার (২২ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনের একটি বগিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওসিফ হোসাইন জানান, ট্রেনের সামনের দিক থেকে তৃতীয় বগিতে আগুন জ্বলতে দেখেন তারা। পরে রেলওয়ে কর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় বগিটির কয়েকটি আসনে কেরোসিন ছিটানো অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে একটি কেরোসিনের বোতলও পাওয়া গেছে।
এ ঘটনার পর ওই ট্রেনের পরিবর্তে অন্য একটি শাটল ট্রেনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, ‘ঘটনাটি পরিকল্পিত নাশকতার চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ‘কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি রেলওয়ে পুলিশ তদন্ত করছে। পাশাপাশি স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’
তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ক্যাম্পাস সব খবর















