Cvoice24.com

মিরসরাইয়ে নির্মাণাধীন স্কুল ভবন থেকে গ্রিল চুরি, নৈশপ্রহরী আটক

মিরসরাই প্রতিনিধি
১৯:৩২, ২২ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে নির্মাণাধীন স্কুল ভবন থেকে গ্রিল চুরি, নৈশপ্রহরী আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে ৩৬০ কেজি গ্রিল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের নাইট গার্ড ইকবাল হোসেনকে (৩৩) আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত রিয়াদ হোসেন (২৫) পালিয়ে গেছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মালপাড়া এলাকায় শফিউল আলম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় তলার বারান্দা থেকে তিনটি প্লেটবার (গ্রিল) চুরি করা হয়। এসব গ্রিলের ওজন প্রায় ৩৬০ কেজি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান রিভার প্রজেক্টের নিরাপত্তা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেছেন। মামলায় রিয়াদ ও ইকবালসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার রাতে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে গ্রিল, প্লেটবার ও রড অটোরিকশায় করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে রিয়াদ ও ইকবালকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে ইকবালকে থানায় নিয়ে যায় পুলিশ। তবে এর আগেই পালিয়ে যান রিয়াদ।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, বিদ্যালয়ের গ্রিল চুরির ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। এতে বিদ্যালয়ের নাইট গার্ডসহ দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর