কাপ্তাইয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ, পালাল পাচারকারীরা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর ঢংছড়ি এলাকায় পাচারের সময় ১১ দশমিক ২৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার ২৫০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আওতাধীন ঢংছড়ি ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করেন।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢংছড়ি ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুর রসিদের নেতৃত্বে একটি টহল দল চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় ১১ দশমিক ২৫ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ কাঠ পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে কাপ্তাই ব্যাটালিয়ন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পাহাড় সব খবর















