Cvoice24.com

হাসপাতালে ভর্তি আরও ৬
চান্দগাঁওয়ে ‘মদপানে’ ২ জনের মৃত্যু

সিভয়েস২৪ প্রতিবেদক
১২:৫৫, ২৩ নভেম্বর ২০২৬
চান্দগাঁওয়ে ‘মদপানে’ ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয়জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নান্টু ঘোষ (৫০) ও উজ্জ্বল (৫২) নামে দুজনের মৃত্যু হয়।

মারা যাওয়া নান্টু ঘোষ রাঙ্গুনিয়ার বাসিন্দা হলেও চান্দগাঁওয়ের একটি বাড়িতে ভাড়া থাকতেন। অপরজন উজ্জ্বল চান্দগাঁওয়ের ব্রাহ্মণপাড়া এলাকার বেচারাম বাড়ির মৃত সোনারাম মহাজনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাতে চান্দগাঁওয়ের মগদ্বেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে মদপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন সুদীপ্ত (৩২), স্বরাজ বৈদ্য (৫৬), বিধান মহাজন (৩৯), রিপন বণিক (৩৫), লাকলু তালুকদার ও বিপ্লব চৌধুরী। তাদের মধ্যে সুদীপ্ত এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। স্বরাজ বৈদ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অন্যরাও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন বলেন, মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। এ ঘটনায় অসুস্থ আরও কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর