Cvoice24.com

কধুরখীল মাদ্রাসায় উচ্ছ্বাস
বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুই শিক্ষার্থী

সিভয়েস২৪ প্রতিবেদক
১৪:১৬, ২৪ নভেম্বর ২০২৬
বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুই শিক্ষার্থী

চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তন হওয়ায় নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী মুহাম্মদ ইয়াসিন রেজা ও তাহছিনা ইয়ামিন তারান্নুম। এর আগে প্রকাশিত ফলাফলে মাদ্রাসাটির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন সাঈদাতুন নুর মুনতাহা।

প্রথম প্রকাশিত ফলাফলে ইয়াসিন রেজার জিপিএ ছিল ৪.৮৩ এবং তাহছিনা ইয়ামিন তারান্নুমের ৪.৯৩। পরবর্তী সময়ে বোর্ডের পুনর্নিরীক্ষণে দুজনের ফল পরিবর্তিত হয়ে পূর্ণ জিপিএ-৫ হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নতুন করে আনন্দের সৃষ্টি হয়েছে।

ইয়াসিনের স্বপ্ন প্রশাসনিক ক্যাডার, তাহছিনা হতে চান শিক্ষক

মুহাম্মদ ইয়াসিন রেজা বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির বাসিন্দা। তার বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম এবং মা শায়রা পারভীন। দুই ভাই-বোনের মধ্যে ইয়াসিন বড়। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ১ হাজার ২২০ নম্বর।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধার স্বাক্ষর রেখে আসছেন ইয়াসিন। পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি অর্জনের পাশাপাশি দাখিল পরীক্ষায়ও পেয়েছিলেন জিপিএ-৫। আল আমিন ইসলামিক ইনস্টিটিউটে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। পরে ষষ্ঠ শ্রেণি থেকে আলিম পর্যন্ত কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় পড়াশোনা করেন। ভবিষ্যতে প্রশাসনিক ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।

অন্যদিকে, একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহছিনা ইয়ামিন তারান্নুমও বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে জিপিএ-৫ অর্জন করেছেন। তার বাবা আবদুর রহিম এবং মা জেবুন নাহার। প্রথম প্রকাশিত ফলাফলে তাহছিনার জিপিএ ছিল ৪.৯৩। পুনর্নিরীক্ষণের পর তা বেড়ে পূর্ণ জিপিএ-৫ হয়। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ১ হাজার ২০৮ নম্বর।

ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন তাহছিনা। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে নতুন প্রজন্মের জন্য কাজ করতে চান তিনি।

এর আগে, গত ৩১ অক্টোবর প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থী সাঈদাতুন নুর মুনতাহা জিপিএ-৫ অর্জন করেন। তখন বোয়ালখালী উপজেলার ছয়টি মাদ্রাসার মধ্যে তিনিই ছিলেন একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী। ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন রয়েছে তার।

প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক। তিনি বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা মেধাবী ও মনোযোগী। পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষক-অভিভাবকদের সহযোগিতায় তারা এ সাফল্য অর্জন করেছে। বোর্ড চ্যালেঞ্জের পর একই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

ইয়াসিনের বাবা মাওলানা মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছোটবেলা থেকেই ইয়াসিন পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। ছেলের এ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত। তার স্বপ্ন পূরণে সবার দোয়া কামনা করেন তিনি।

তাহছিনার বাবা আবদুর রহিম বলেন, প্রথম প্রকাশিত ফলাফলে মেয়ের জিপিএ-৪.৯৩ আসার পরও তারা আশাবাদী ছিলেন। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করায় তাঁরা আনন্দিত। মেয়ের পরিশ্রম ও অধ্যবসায়ের যথাযথ স্বীকৃতি পেয়েছেন বলে মনে করেন তিনি। ভবিষ্যতে তাহছিনা একজন আদর্শ শিক্ষক হয়ে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিক, এটাই তাঁদের প্রত্যাশা।

অন্যদিকে, মুনতাহার বাবা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ ইলিয়াস শিকদারও মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করেন। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, এবারের আলিম পরীক্ষায় কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে ৩৭ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৩৩ জন। প্রথম প্রকাশিত ফলাফলে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও বোর্ড চ্যালেঞ্জের পর আরও দুই শিক্ষার্থীর ফল পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানটির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর