এনসিটির পর সিসিটিও হারাল সাইফ পাওয়ারটেক
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্ব নিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। সোমবার (২৩ নভেম্বর) মধ্যরাতে সাইফ পাওয়ারটেকের কাছ থেকে টার্মিনালটির পরিচালনার দায়িত্ব বুঝে নেয় প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেকের দীর্ঘদিনের দায়িত্বের অবসান ঘটল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি বলেন, ‘সাইফ পাওয়ারটেকের তিন সপ্তাহের বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর এভারেস্ট পোর্ট সার্ভিসেস দায়িত্ব বুঝে নিয়েছে।’
দরপত্র প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘সরকারি ক্রয়বিধি (পিপিআর), আইন ও বিধিমালা অনুসরণ করেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় এভারেস্টকে দায়িত্ব দেওয়ার অনুমোদন দিয়েছে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্বে ছিল সাইফ পাওয়ারটেক। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। পরে অন্তর্বর্তী সময়ের জন্য আরও তিন সপ্তাহ চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। সোমবার সেই বর্ধিত মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব নেয় এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের মালিক বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি এর আগে থেকেই চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
অর্থ-বাণিজ্য সব খবর















