মিস ইউনিভার্স, সেরা ৩০-এ জায়গা হলো না মাহির
বিনোদন ডেস্ক
বিশ্বসুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে মিস ইউনিভার্সের ৭৫তম আসরে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এমনকি দর্শকদের ভোটেও একপর্যায়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি। তবে শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি মাহি। প্রত্যাশিত ফল না পাওয়ায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেন মাহি। সেখানে তিনি জানান, তাকে ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। অসংখ্য মানুষের ভালোবাসা, দোয়া ও ভোট পেয়ে তিনি কৃতজ্ঞ। বাংলাদেশের নাম আন্তর্জাতিক মঞ্চে আরও উজ্জ্বল করার ইচ্ছা থাকলেও সেই প্রত্যাশা পূরণ করতে না পারায় তিনি আন্তরিকভাবে দুঃখিত।
নিজের সর্বোচ্চ চেষ্টা করার কথাও উল্লেখ করেন এই প্রতিযোগী। জানান, দেশের মানুষের প্রতিনিধিত্ব করতে নিজের জায়গা থেকে কোনো কমতি রাখেননি তিনি। দেশবাসীও যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, সেই ভালোবাসা ও সমর্থন কখনো ভুলবেন না।
প্রত্যাশিত সাফল্য না এলেও পুরো অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে দেখছেন মাহি। তার মতে, সব প্রচেষ্টার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না এলেও প্রতিটি অভিজ্ঞতার আলাদা মূল্য রয়েছে। মিস ইউনিভার্সের মঞ্চে পাওয়া মুহূর্ত, অভিজ্ঞতা ও মানুষের ভালোবাসা তার কাছে বড় প্রাপ্তি হয়ে থাকবে।
পোস্টের শেষাংশে বাংলাদেশকে নিজের পরিচয় ও গর্ব হিসেবে উল্লেখ করেন মাহি। দেশবাসীর ভালোবাসাকে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে এবারের প্রতিযোগিতায় দর্শকদের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগেও শেষ পর্যন্ত এগিয়ে থাকতে পারেননি মাহি। মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও পিপলস চয়েস ভোটে এগিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ইকুয়েডরের প্রতিযোগী ডালিয়া বুকারাম ওই ভোটে জয়ী হয়ে সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেন। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মোট ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। ২০২৫ সালে ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো দেশকে সেরা ৩০-এ জায়গা করে দিয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নতুন ইতিহাস গড়েন। এবার সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে।
বিনোদন সব খবর















