দেশসেরা ডিজিটাল উদ্যোক্তার স্বীকৃতি পেলেন মিরসরাইয়ের জাহেদ
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন। ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’-এর আওতায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাস থেকে শুরু হওয়া দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ থেকে ১৮ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ জন্য বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি, ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি), অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে উদ্যোক্তাদের দক্ষতা যাচাই করা হয়। সর্বশেষ ১৮ নভেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শেখ জোবায়ের আহমেদ, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাম্স উল আরেফিন খান, ইউএনডিপির ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা এমিয়ার, ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এবং ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক।
অনুষ্ঠানে সারা দেশ থেকে নির্বাচিত মোট ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন মিরসরাইয়ের জাহেদ হোসেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











