Cvoice24.com

কোস্টারিকাকে ৭-০ গোলে উড়াল মেসিহীন আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১২:২৩, ১৮ নভেম্বর ২০২৬
কোস্টারিকাকে ৭-০ গোলে উড়াল মেসিহীন আর্জেন্টিনা

লিওনেল মেসিকে ছাড়াই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক মৌসুম শেষ করল আর্জেন্টিনা।

ম্যাচে জোড়া গোল করেছেন নিকো পাজ, হুলিয়ান আলভারেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর্জেন্টিনার হয়ে অন্য গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। 

বুধবার (১৮ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ম্যাচের অষ্টম মিনিটে এনজো ফার্নান্দেজের সহায়তায় গোল করে দলকে এগিয়ে দেন নিকো পাজ।

৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। এর তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন পাজ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, ৪৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। ফলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে স্কালোনির দল। ৪৮ মিনিটে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর গোলে ব্যবধান হয় ৫-০। এরপর ৭৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে ব্যবধান আরও বাড়ান। ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার ৭-০ গোলের জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে তরুণদের ওপর আস্থা রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। সেই আস্থার প্রতিদান দিয়েছেন ২২ বছর বয়সী নিকো পাজ। রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। জাতীয় দলের হয়ে তার জোড়া গোল আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়েও সমর্থকদের আশাবাদী করেছে।