Cvoice24.com

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন নাইনটিজ উইলোস

ক্রীড়া প্রতিবেদক, সিভয়েস২৪
১৯:৪৫, ৬ নভেম্বর ২০২৬
ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন নাইনটিজ উইলোস

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে নাইনটিজ উইলোস। শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দলটি ৬৮ রানে চিটাগাং মাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নাইনটিজ উইলোস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইকবাল হোসেন ৪৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৬৬ রান করেন। সবুজ ২৯ বলে করেন ৪৩ রান। এ ছাড়া লিপন ১৫ বলে ৩২, জকি ১২ ও মাসুদ ১০ রান করেন। চিটাগাং মাস্টার্সের হয়ে নাঈম উদ্দিন ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে চিটাগাং মাস্টার্স ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করতে পারে। দলের পক্ষে জাহেদুল ইসলাম ৩৭ বলে ৫৪ রান করেন। এ ছাড়া রাইসু ১৭ ও একরামুল ১০ রান করেন। নাইনটিজ উইলোসের পক্ষে পিটার ও রাশেদ খান ৩টি করে এবং জকি ২টি উইকেট নেন।

ফাইনালে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন নাইনটিজ উইলোসের ইকবাল হোসেন।

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ছিল ইস্পাহানী টি লিমিটেড।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ইস্পাহানী টি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মঈনুদ্দিন হাসান। এ সময় প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার তাসবির হাকিম, সহকারী ব্যবস্থাপক ফতেহ আমিন তারেক, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গিয়াসউদ্দিন বাবর, চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা ।