Cvoice24.com

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৬:৩৭, ১৪ অক্টোবর ২০২৬
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরেও হতাশার বৃত্ত থেকে বেরোতে পারল না বাংলাদেশ নারী দল। সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা।

ব্রিসবেনে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ রানের মধ্যে ফিরে যান প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকে কোনোমতে দেড়শ পেরোয় দলের সংগ্রহ। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। স্বর্ণার ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৪ রান। ওয়ানডেতে এটি তার প্রথম অর্ধশতক।

তবে দুজনের লড়াইও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দল। অস্ট্রেলিয়ার হয়ে মেগান স্কট ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। অ্যানাবেল সাদারল্যান্ডের শিকার ২ উইকেট।

জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার। এলিস পেরির অপরাজিত ৬৫ ও সাদারল্যান্ডের অপরাজিত ৭৪ রানে ১৬৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।