Cvoice24.com

ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৮:৫৫, ২৮ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দীর্ঘ পথচলার ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। 

শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তামিম জানান, কয়েক দিন আগে মুশফিক নিজেই তাকে ফোন করে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এরপর দুজনের মধ্যে এ বিষয়ে নিয়মিত কথা হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, মুশফিককে নিজের অবসরের ঘোষণা সংবাদ সম্মেলনের মাধ্যমে দিতে বলেছিলেন তিনি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানাতে নিষেধও করেছিলেন। কারণ, বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের অবদান অনেক। তাই তার বিদায়টা যথাযথভাবে হোক, সেটাই চেয়েছিলেন তিনি। তবে মুশফিকের অনুরোধে শেষ পর্যন্ত নিজেই অবসরের বিষয়টি ঘোষণা করেছেন।

মুশফিকের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, এমন মানের একজন ক্রিকেটার খেলা ছেড়ে দিচ্ছেন, এটা ভাবতে তাঁর খারাপ লাগছে। তবে মুশফিকের শেষ টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান তারা।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৯৯ ইনিংসে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। রয়েছে ১৪টি সেঞ্চুরি। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।

এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিক। ফলে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।