উখিয়ায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার, রিমান্ড আবেদন পুলিশের
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে কপিল উদ্দিন (২৭) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হলেও কোনো অস্ত্রের সন্ধান মেলেনি। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার কপিল উদ্দিন পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলবুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর কপিল উদ্দিনকে সঙ্গে নিয়ে সম্ভাব্য স্থানে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে গত ২৬ জুলাই উখিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই উনুমং মার্মা অধিকতর জিজ্ঞাসাবাদ ও অস্ত্র উদ্ধারের তথ্য জানতে আদালতে রিমান্ডের আবেদন করেছেন। আদালত রিমান্ড মঞ্জুর করলে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কপিল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজার সব খবর














