সাঈদ আল নোমানের ওপর হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি শাহাদাতের
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ওপর হামলাকে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, এ ধরনের হামলার বিরুদ্ধে বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাবে এবং হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগরের নয়া বাজার বিশ্বরোড মোড়ে সাঈদ আল নোমানের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম-১০ সংসদীয় আসন বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সাঈদ আল নোমানের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। আজকের সমাবেশে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, জনগণ সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেয় না। রাজপথের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষমতায় যাওয়ার পর বিএনপির নেতাকর্মীরা আর রাজপথে থাকবেন না— যারা এমনটি ভাবছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় রাজপথে থাকবে।’
তিনি আরও বলেন, ‘সমাবেশে মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিতি প্রমাণ করে, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করা নেতাকর্মীরা এখনো ঐক্যবদ্ধ ও সক্রিয়। বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করে।’
ডিসেম্বরের কর্মসূচি প্রসঙ্গে চসিক প্রশাসক বলেন, ‘মহান বিজয় দিবস সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। পুরো ডিসেম্বর মাসজুড়ে বিজয় উৎসব, বিজয় র্যালি ও বিজয় মেলার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
গণতান্ত্রিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হয়েছে। তাই জনগণের রায় ও গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত।’
বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ডা. শাহাদাত বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নামে আত্মগোপনে থেকে মিছিল করার পরিবর্তে সাহস থাকলে প্রকাশ্যে এসে রাজনৈতিক কর্মসূচি পালন করা উচিত। জনগণের সামনে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে হবে। রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে এবং তাদের মুখোমুখি হতে হবে।’
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা ও রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রতি জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে। জনগণের প্রত্যাখ্যানের মুখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে চলে গেছেন।’
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘সাঈদ আল নোমান রাতের ভোটে নির্বাচিত কোনো সংসদ সদস্য নন। তিনি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। তার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণের প্রত্যাখ্যানের মুখে যারা দেশ ছেড়ে চলে গেছে, তাদের ফিরে আসা নিয়ে নানা তৎপরতা মানুষের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি করছে। দেশের মানুষের মতামত ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড সফল হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন।
এতে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, এস কে খোদা তোতন, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম, জাহাঙ্গীর আলম দুলাল, মো. কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টি, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, বিএনপি নেতা হাজী বাবুল হক, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেন ও মোহাম্মদ আবু সুফিয়ানের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল নয়া বাজার বিশ্বরোড মোড় থেকে শুরু হয়ে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়।
রাজনীতি সব খবর















