চায়ের দোকানে তর্কাতর্কির জেরে মারধর, প্রাণ গেল বৃদ্ধের
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়ের দোকানে চা পান করাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে মারধরের ঘটনায় মো. নাসির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোডের মাথায় সাজিদ স্টোর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
নিহত নাসির বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আফাজউল্লাহ মাঝির এলাকার বাসিন্দা। তার বাবার নাম আমিন শরীফ। তিনি স্থানীয় একটি বাসাবাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাসির সাজিদ স্টোরে চা পান করতে যান। এ সময় দোকানদার তাকে চা নেই বলে জানান। কিছুক্ষণ পর অন্য এক ব্যক্তি দোকানে এসে চা চাইলে তাকে চা পরিবেশন করা হয়। বিষয়টি নিয়ে নাসির দোকানদারের কাছে জানতে চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দোকানদারের ছেলে মো. ইকবাল (২৫) নাসিরকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় নাসিরকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মহিম বলেন, ‘চা দেওয়া নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। নাসিরকে চা নেই বলার পর অন্য একজনকে চা দেওয়া হলে তিনি বিষয়টি জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারা হয়। পরে বিষয়টি মীমাংসাও হয়ে যায়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করছি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












