Cvoice24.com

শ্রমিকের ঘামে মালিক কোটিপতি, ন্যায্য মজুরি নেই: গোলাম পরওয়ার

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:০৮, ২৭ নভেম্বর ২০২৬
শ্রমিকের ঘামে মালিক কোটিপতি, ন্যায্য মজুরি নেই: গোলাম পরওয়ার

শ্রমিকের ঘাম ও শ্রমে শিল্পমালিকেরা কোটি কোটি টাকার মালিক হলেও শ্রমিকদের ন্যায্য মজুরি, চিকিৎসা ও জীবনমান নিশ্চিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পকারখানা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব দেশকেই নিতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম বন্দরসংলগ্ন শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে—এ কথা যেমন সত্য, তেমনি শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি এখনো পূরণ হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের অবস্থা প্রত্যাশিত পর্যায়ে নেই। শ্রমিকের শ্রমে মালিকেরা বিপুল সম্পদের মালিক হলেও শ্রমিকের জীবনযাপন, চিকিৎসা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।

শ্রমিকদের কর্মপরিবেশের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক কারখানায় নারী শ্রমিকদের জন্য পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি, নামাজের জায়গা ও সন্তানকে বুকের দুধ খাওয়ানোর উপযুক্ত ব্যবস্থা নেই। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি এসব সুবিধা দিতে হবে। তার ভাষ্য, মালিকেরা নিজেদের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারলেও শ্রমিকের সন্তানের গুরুতর অসুস্থতায় চিকিৎসার অর্থ জোগাড় করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের বৈষম্য দূর করতে শ্রমিকবান্ধব শিল্পনীতি প্রয়োজন।

শ্রমিক আন্দোলনের ধরন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, ভাঙচুর, জ্বালাও-পোড়াও, কারখানায় ধর্মঘট ও অগ্নিসংযোগের মতো সন্ত্রাসনির্ভর শ্রমিক রাজনীতিতে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে না। শ্রমিকদের অধিকার আদায়ে আদর্শভিত্তিক ও নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম বন্দর ও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও মোংলা বন্দর ভূরাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ। এসব বন্দর নিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর আগ্রহ ও প্রভাব বিস্তারের চেষ্টা বাড়ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের একটি কনটেইনার টার্মিনালে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ এবং সেখান থেকে ১ হাজার ৩০০ কোটি টাকা লাভের কথা বলা হচ্ছে। এ অবস্থায় বিদেশিদের হাতে এসব স্থাপনা দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দেশের বন্দর, শিল্পকারখানা ও অর্থনৈতিক প্রতিষ্ঠান স্বচ্ছতা ও সততার সঙ্গে পরিচালনার দায়িত্ব দেশীয় কর্তৃপক্ষেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেন।

চট্টগ্রামের বিভিন্ন খাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত ২৩টি ট্রেড ইউনিয়নের কথা উল্লেখ করে তিনি শ্রমিকদের পরিচয়পত্র, চিকিৎসাসেবা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে মালিকপক্ষ, শ্রম অধিদপ্তর ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে তারা ইতিবাচকভাবে দেখেন। তবে গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় উপেক্ষা করা হলে সেই ঐক্যের মধ্যে বিভাজন তৈরি হবে। তাঁর দাবি, গণভোটে ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংস্কারের উদ্যোগ গণভোটের রায়ের বিকল্প হতে পারে না। গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং বিরোধী দলকে বাদ দিয়ে গঠিত বিশেষ কমিটি বাতিলের দাবি জানান তিনি।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তারা ভারতের জনগণের বিরোধী নন; তবে সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। সীমান্ত হত্যা, পানি বণ্টন, মাদক পাচার, ট্রানজিট ও করিডরসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষার দাবি জানান তিনি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং তাঁর বাংলাদেশে ফেরার বিষয়ে ভারতের বিভিন্ন মহলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাতে হবে।

সম্মেলনে এস এম লুৎফর রহমানকে সভাপতি এবং আবু তালেব চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

এতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর