পণ্য খালাসে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা প্রত্যাহার
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্য খালাসে জটিলতা ও অতিরিক্ত ব্যয় বাড়ার আশঙ্কায় পণ্য কায়িক পরীক্ষার জন্য জারি করা ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বন্দর ব্যবহারকারীদের সংগঠন পোর্ট ইউজার্স ফোরামের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস হাউসে পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও স্মারকলিপি গ্রহণকালে এ সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রাম কাস্টমস কমিশনার মুহাঃ মাহবুবুর রহমান।
আলোচনায় পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিরা জানান, সম্প্রতি আমদানি করা পণ্যচালানের কায়িক পরীক্ষার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণীয় ১৪টি নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ আদেশ ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
তারা বলেন, গত ১১ আগস্ট ২০২৬ চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, বাণিজ্য ব্যবস্থা সহজ করা এবং দ্রুত পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে কাস্টমস, এনবিআর ও বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছিল।
কিন্তু কায়িক পরীক্ষার ক্ষেত্রে নতুন ১৪টি নির্দেশনা কার্যকর হলে পণ্যের শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া দীর্ঘায়িত হবে। এতে ডেমারেজসহ অন্যান্য অতিরিক্ত মাশুল বাড়বে এবং ব্যবসা পরিচালনার ব্যয়ও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। এ কারণে নির্দেশনাগুলো দ্রুত প্রত্যাহারের দাবি জানান পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধিরা।
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কায়িক পরীক্ষা সংক্রান্ত সম্প্রতি জারি করা নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান কাস্টমস কমিশনার। একই সঙ্গে এ বিষয়ে কাস্টমস কর্মকর্তাদের জন্য একটি অভ্যন্তরীণ আদেশ জারির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
কমিশনার জানান, প্রস্তাবিত অভ্যন্তরীণ আদেশটি পোর্ট ইউজার্স ফোরাম, দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত করা হবে।
সভায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পোর্ট ইউজার্স ফোরামের পক্ষে এ এম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এস এম সাইফুল আলমসহ চট্টগ্রাম কাস্টমস হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যের ব্যয় কমানো, বাণিজ্য সহজীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দ্রুত পণ্য খালাস নিশ্চিত করতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কমিয়ে শুল্কায়ন ও পণ্য খালাস প্রক্রিয়া আরও গতিশীল করতে সরকারের নির্দেশনা ও উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষ সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













