চট্টগ্রামে ইয়াবার মামলায় তিনজনের যাবজ্জীবন
সিভয়েস২৪ প্রতিবেদক
প্রায় সাড়ে পাঁচ বছর আগে চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবাসহ গ্রেপ্তার হয় তিনজন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওই মামলায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।
আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন বলেন, ছয়জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
রায় ঘোষণার সময় তিন আসামির কেউ আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৪ জুলাই নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে মো. আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে র্যাব। তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে আলমের কাছ থেকে ১ হাজার ১০০ গ্রাম, মোশারফের কাছ থেকে ৮৬৫ গ্রাম এবং সেনোয়ারার কাছ থেকে ৭৮৫ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












