Cvoice24.com

ইনানীতে ৩০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের ৫৫ সদস্যের দল

কক্সবাজার প্রতিনিধি
১৯:১১, ২৬ নভেম্বর ২০২৬
ইনানীতে ৩০ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, নিয়ন্ত্রণে বাপেক্সের ৫৫ সদস্যের দল

টানা ৩০ দিন ধরে জ্বলছে প্রাকৃতিক গ্যাসের আগুন। আগুন নেভাতে এবার দেশীয় প্রযুক্তিতে বড় ধরনের অভিযান শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের  ইনানীর ছোটখাল এলাকায় গভীর নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণে ৫৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। অভিযান সফল হলে বিদেশি প্রতিষ্ঠানের পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে কাজটি সম্পন্ন করে শতকোটি টাকা সাশ্রয় সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আগুন নিয়ন্ত্রণে মূল অভিযান শুরুর পরিকল্পনা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা কিছুটা পিছিয়ে যায়। সকালে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হলে তা সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণ পর আবার জ্বলে ওঠে। পরে কারিগরি ত্রুটি সারিয়ে কেসিং ও ড্রিলিং পাইপসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ করা হয়।

বাপেক্স কর্মকর্তারা জানান, বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে এ কাজ করাতে ১০০ থেকে ১৫০ কোটি টাকা ব্যয় হতো। তবে দেশীয় প্রযুক্তিতে অভিযান সফল হলে ব্যয় হবে মাত্র ১ থেকে ২ কোটি টাকা।

বাপেক্স সূত্রে জানা গেছে, অভিযান সফল করতে গত ১৩ দিন ধরে ২০ জন কর্মকর্তার তত্ত্বাবধানে ৫৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। দলের সদস্যরা দিনে প্রায় ১৯ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

অভিযানের কারিগরি প্রক্রিয়া সম্পর্কে বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান জানান, প্রথমে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে কেসিং পাইপের মাধ্যমে গ্যাসকে মূল কূপ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে সেখানে পোড়ানো হবে। এরপর মূল কূপের ভেতরে কাজ শুরু হবে। কূপে গ্যাসের চাপ প্রায় ৪০০ পিএসআই বলে ধারণা করা হচ্ছে। গ্যাসের প্রবাহ ঠেকাতে ৬০০ পিএসআই ওভারব্যালেন্স চাপ প্রয়োগ করা হবে। এরপর প্রায় ১ হাজার ফুট গভীরে গিয়ে সিমেন্টিং ইউনিটের মাধ্যমে বিশেষ কাদা দিয়ে শূন্যস্থান পূরণ করা হবে।

বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান বলেন, প্রথমে ৩০ ইঞ্চি ব্যাসের একটি পাইপ বসানো হবে। এর ভেতর দিয়ে ড্রিলিং করে ১ হাজার ফুট গভীরে গিয়ে মাড সার্কুলেশনের মাধ্যমে কূপটি নিয়ন্ত্রণে আনা হবে। সবশেষে সিমেন্ট দিয়ে কূপের মুখ স্থায়ীভাবে বন্ধ করা হবে।

আনিছুর রহমান আরও জানান, আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ওই এলাকায় গ্যাসের মজুত অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বৃহস্পতিবার একটি জরিপ দল ঘটনাস্থলে গেছে। পরবর্তী সময়ে ভূতাত্ত্বিক ও দ্বিমাত্রিক (টু-ডি) জরিপ করা হবে। প্রাথমিকভাবে দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে এ জরিপ চালানোর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসে মূল জরিপের কাজ শুরু হতে পারে। জরিপের মাধ্যমে ওই অঞ্চলে গ্যাসের সম্ভাব্য মজুত এবং ভবিষ্যতে কোথায় খনন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য টানা ৩০ দিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের এ অভিযান বড় ধরনের কারিগরি পরীক্ষা। দেশীয় প্রযুক্তিতে অভিযান সফল হলে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতে নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে।