চট্টগ্রাম-ডারবান সম্পর্ক জোরদারে সিস্টার সিটির প্রস্তাব
সিভয়েস২৪ প্রতিবেদক
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং নগর উন্নয়নে সহযোগিতা বাড়াতে চট্টগ্রাম ও ডারবানকে ‘সিস্টার সিটি’ করার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তাঁর প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হাইকমিশনারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন প্রশাসক।
সাক্ষাৎকালে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। অন্যদিকে ডারবান দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দরনগরী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, বন্দরনির্ভর অর্থনীতি, শিল্পায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুই নগরীর মধ্যে অনেক মিল রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগিয়ে সিস্টার সিটি সম্পর্ক স্থাপন করা গেলে উভয় নগরী উপকৃত হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের প্রাতিষ্ঠানিক সম্পর্কের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নগর ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতিতে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। চট্টগ্রামকে আন্তর্জাতিক মানের বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্বের উন্নত বন্দরনগরীগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় চসিক।’
দক্ষিণ আফ্রিকায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশির বসবাসের কথা উল্লেখ করে প্রশাসক বলেন, ‘তাঁদের অনেকেই সেখানে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তবে বাংলাদেশে এখনো দক্ষিণ আফ্রিকার আবাসিক হাইকমিশন নেই। দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করা প্রয়োজন। বিশেষ করে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক কার্যক্রম ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।’
ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দুই দেশের বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্ভাবনার তুলনায় অনেক কম। চট্টগ্রামে সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্প ও বাণিজ্যের প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। এসব সুবিধা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা চট্টগ্রামে তাঁদের কার্যক্রম সম্প্রসারণ করতে পারেন।’
চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, ‘নগরীকে আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। চট্টগ্রামে দেশের প্রথম বাইসাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণের পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন ও যানজট নিরসনে কাজ চলছে। পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও স্মার্ট নগরী গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।’
চট্টগ্রাম ও ডারবানকে সিস্টার সিটি করার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল এ বিষয়ে কাজ করার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে অবস্থিত ডারবান সাব-সাহারান আফ্রিকার অন্যতম ব্যস্ত বন্দরনগরী। ইথেকউইনি মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির আওতাধীন এ নগরী আন্তর্জাতিক বাণিজ্য, শিল্প, পণ্য পরিবহন ও পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্র। যুক্তরাজ্যের লিডস, যুক্তরাষ্ট্রের শিকাগো, জার্মানির ব্রেমেন, চীনের গুয়াংজু ও নেদারল্যান্ডসের রটারডামসহ বিশ্বের বিভিন্ন নগরীর সঙ্গে ডারবানের সিস্টার সিটি সম্পর্ক রয়েছে।
১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ায় বাংলাদেশের আবাসিক হাইকমিশন রয়েছে। অন্যদিকে নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশন থেকে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ২৫ নভেম্বর ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩০ কোটি ১২ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি ছিল ১২ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার এবং আমদানি ছিল ১৭ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী ড. নেলিস্ট্রা সুকলাল সিং, নয়াদিল্লিতে অবস্থিত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মাশুদুবেলে মামাবোলো, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠ এবং অনারারি কনস্যুলেটের উপপরিচালক প্রকৌশলী কাজী মো. মাহমুদসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












