ছানার পানি থেকে পানীয় উদ্ভাবন, জাতীয় পদক পেলেন সিভাসুর অধ্যাপক
সিভয়েস২৪ ডেস্ক
ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন এবং সেই প্রযুক্তি উদ্যোক্তা পর্যায়ে সম্প্রসারণের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ পেয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অধ্যাপক ড. এ কে এম হুমায়ূন কবির।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন। ‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রযুক্তি উদ্ভাবন (গবেষক)’ ক্যাটাগরিতে তাকে এ পদক দেওয়া হয়।
ছানা তৈরির পর অবশিষ্ট তরল উপজাত ‘হুয়ে’ বা ছানার পানি সাধারণত ফেলে দেওয়া হয়। এতে পুষ্টিগুণ থাকলেও এর বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়। অধ্যাপক হুমায়ূন কবিরের নেতৃত্বাধীন গবেষকদল এই উপজাত কাজে লাগিয়ে গাঁজন প্রক্রিয়ায় পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবন করেছেন।
২০২৫ সালে বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত এ গবেষণা ২০২৬ সালের বাংলাদেশ ইনোভেশন ফেয়ারেও উপস্থাপন করা হয়। ইতোমধ্যে খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে এ প্রযুক্তি পৌঁছেছে। প্রশিক্ষণ ও পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে এর বাণিজ্যিক সম্প্রসারণের সম্ভাবনাও তৈরি হয়েছে।
গবেষকদল ছানার পানির ব্যবহার বাড়াতে আরও গবেষণা করেছেন। ননি সরানো দুধ এবং আনারস ও পেঁপে থেকে পাওয়া প্রাকৃতিক এনজাইম ব্যবহার করে রিকোটা-ধরনের পনির তৈরির প্রযুক্তি নিয়েও কাজ করেছেন তারা। এসব গবেষণার লক্ষ্য দুগ্ধশিল্পের উপজাতের অপচয় কমিয়ে তা থেকে মূল্যসংযোজিত খাদ্যপণ্য তৈরি করা।
২৫ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক হুমায়ূন কবিরের ৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তার একক লেখক হিসেবে লেখা ‘মিল্ক অ্যান্ড ডেইরি ফুডস: নিউট্রিশন, প্রসেসিং অ্যান্ড হেলদি এজিং’ বইটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা সিআরসি প্রেস থেকে প্রকাশিত হয়। বইটি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ায় উচ্চশিক্ষার পাঠদানে ব্যবহৃত হচ্ছে।
গবেষণার পাশাপাশি নিরাপদ খাদ্য, প্রাণিজ পণ্যের বহুমুখীকরণ, প্রযুক্তি উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নেও কাজ করছেন তিনি। আন্তর্জাতিক গবেষণা জার্নালের সম্পাদকীয় কার্যক্রম এবং বিজ্ঞান ও সমসাময়িক উন্নয়নবিষয়ক লেখালেখির সঙ্গেও যুক্ত রয়েছেন এ অধ্যাপক।
পদক পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক হুমায়ূন কবির বলেন, ‘গবেষণাটি পরীক্ষাগার থেকে উদ্যোক্তাদের কাছে পৌঁছেছে—এটাই আমাদের বড় প্রাপ্তি। এই স্বীকৃতি গবেষণাটিকে আরও বিস্তৃত করার অনুপ্রেরণা দেবে।’
ক্যাম্পাস সব খবর















