Cvoice24.com

কাপ্তাইয়ে ডেলিভারি ম্যান নিহতের ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার

১৯:১৫, ২৬ নভেম্বর ২০২৬
কাপ্তাইয়ে ডেলিভারি ম্যান নিহতের ঘটনায় পিকআপ চালক গ্রেপ্তার

রাঙামাটির কাপ্তাইয়ে পিকআপ উল্টে ডেলিভারি ম্যান নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চন্দ্রঘোনা থানাধীন রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে খোকন দে (৪৫) নামে এক ডেলিভারি ম্যান নিহত এবং আমজাদ হোসেন (৬০) নামে আরও একজন গুরুতর আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধজাত পণ্য নিয়ে পিকআপ ভ্যানটি বাঙ্গালহালিয়া থেকে রাইখালীর দিকে যাচ্ছিল। বিকেল পৌনে ৪টার দিকে হেলিপ্যাড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়।

স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকন দেকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।