বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী
সিভয়েস২৪ ডেস্ক
আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম ধাপে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে তাদের যাত্রা করার কথা রয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। তারা দেশটির ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসার ব্যবস্থা করবে নিয়োগকর্তা।
তিনি বলেন, শূন্য মানে শূন্য। এই কর্মসূচিতে কর্মীদের বোয়েসেল বা অন্য কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকিটের পুরো ব্যয় নিয়োগকর্তা বহন করছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের হিসাবে, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচ সাশ্রয় হচ্ছে। এতে ১১২ জন কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
কর্মী বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও দালালমুক্ত ছিল জানিয়ে রাশেদুল হক বলেন, ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে চূড়ান্তভাবে ১১২ জন নির্বাচিত হন।
তিনি আরও জানান, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো হলো ডিএইচএল সাপ্লাই চেইন, টপ গ্লোভ, তাতাওয়াত ইন্ডাস্ট্রি ও ইউনাইটেড প্লান্টেশন। এর মধ্যে ডিএইচএলে ১১২, টপ গ্লোভে ৩৭৯, তাতাওয়াত ইন্ডাস্ট্রিতে ৩২ এবং ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন কর্মী নেওয়া হবে।
দ্বিতীয় ধাপে কর্মী পাঠানোর সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী ৫ বা ৯ ডিসেম্বর কর্মীদের পাঠানো হতে পারে। পরবর্তী ধাপে অন্য একটি কোম্পানিতে কর্মীরা যোগ দেবেন।
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। লটারির মাধ্যমে তাদের বাছাই করা হচ্ছে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার থাকবেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধা।
২০২৪ সালের ৩১ মে থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে। বিএনপি সরকার গঠনের পর গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার আবার চালুর উদ্যোগ নেয়। গত জুনে মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশের কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার প্রথম বন্ধ হয় ২০০৮ সালে। এরপর ২০১৬ সালে আবার চালু হলেও দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে তা বন্ধ হয়ে যায়। ২০২২ সালে পুনরায় চালু হওয়ার পর ২০২৪ সালে আবার বন্ধ হয়ে যায়। ২০১৮ ও ২০২২ সালে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।
জাতীয় সব খবর















