আনোয়ারায় নাশকতা রোধে পুলিশের বিশেষ মহড়া
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের আনোয়ারায় জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ মহড়ায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন পুলিশের সদস্যরা।
মহড়ায় সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের প্রস্তুতি ও সতর্ক অবস্থান তুলে ধরা হয়।
এ সময় টানেল সড়ক, চাতরী চৌমুহনী বাজার, তৈলারদ্বীপসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের সদস্যরা মহড়া দেন। এতে আনোয়ারা থানার সব পুলিশ সদস্য অংশ নেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনোয়ারা থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ করে পর্যটন এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল, চেকপোস্ট স্থাপন ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ তৎপরতা অব্যাহত থাকবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












