স্বাস্থ্য ও দীর্ঘায়ু নিয়ে থাইল্যান্ডের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করবে খুলশী ক্লাব
সিভয়েস২৪ প্রতিবেদক
সুস্থ ও দীর্ঘ জীবনযাপনে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার প্রসারে যৌথভাবে কাজ করবে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ ও চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের খুলশী ক্লাবে আয়োজিত ‘চট্টগ্রাম ওয়েলনেস, লংজেভিটি অ্যান্ড হেলথ এডুকেশন ডে’ অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আয়োজনে সহযোগিতা করে রিজুভা ওয়েলনেস।
‘লিভ টু ১০০: দ্য ফিউচার অব ওয়েলনেস, লংজেভিটি অ্যান্ড পারসোনালাইজড মেডিসিন’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহসভাপতি নাছির উদ্দিন, সাবেক সহসভাপতি অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুদ্দিন, নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ও মো. ফখরুল আলমসহ ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। জেনেসেন গ্রুপের পক্ষে ছিলেন চিকিৎসক ওম সুচুমফিয়া (Ohm Sudchumphea) এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ডা. শাহরিয়ার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থায় রোগের চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধ, আগাম স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণ এবং ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়ছে। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সুস্থ ও দীর্ঘ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জীবনযাপনের ধরন, পারিবারিক স্বাস্থ্য ইতিহাস ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় চিকিৎসাসেবা পরিকল্পনা করা জরুরি। শুধু আয়ু বাড়ানো নয়, দীর্ঘ সময় সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় জীবন নিশ্চিত করাই ওয়েলনেস ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার অন্যতম লক্ষ্য।
দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পর্যালোচনার ব্যবস্থা ছিল। বিকেলে ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক ওয়েলনেস, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা করা হয়। পরে বিশেষজ্ঞদের সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের আশা, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাড়বে। পাশাপাশি বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ জোরদার এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানের আয়োজন করে থাইল্যান্ডের জেনেসেন গ্রুপ। সহযোগিতায় ছিল রিজুভা ওয়েলনেস ও খুলশী ক্লাব লিমিটেড।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












