সিনেমা প্যালেসে নিষিদ্ধ তিন সংগঠনের মিছিল, আটক ২০
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মহানগরের সিনেমা প্যালেস এলাকা থেকে মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। তবে মিছিলটি শুরু হওয়ার পরপরই পুলিশ এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে জুমার নামাজের পর নগরের কোতোয়ালী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় জড়ো হন নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীরা। পরে সেখান থেকে তারা নিউমার্কেটের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। এ সময় এলাকায় আগে থেকেই অবস্থান করছিল পুলিশ ও স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীরা। মিছিল শুরু হওয়ার পরপরই তারা মিছিলকারীদের ধাওয়া দেন।
এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে পুলিশ ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে।
আটকের সংখ্যা ও আটক ব্যক্তিদের পরিচয় সম্পর্কে জানতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












