Cvoice24.com

পার্বত্য চুক্তি ‘কাগজে বাঘ’, বাতিল করে নতুন চুক্তির প্রস্তাব

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:৪৮, ২৮ নভেম্বর ২০২৬
পার্বত্য চুক্তি ‘কাগজে বাঘ’, বাতিল করে নতুন চুক্তির প্রস্তাব

‘চুক্তি ঘুমে থাকবে, পাহাড়ে চলবে সংঘাত— এভাবে সফলতা নয়’। পার্বত্য চট্টগ্রাম চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহফুজ পারভেজ। তিনি চুক্তিকে ‘কাগজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে বাতিল করে নতুন চুক্তির রূপরেখা তৈরির দাবি জানিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরের সাউদার্ন ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি : বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এ সংলাপের আয়োজন করে।

অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, ‘আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবে-একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এদিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চাঁদাবাজির রাজত্ব চলবে-তারপর আমরা এই চুক্তিকে কীভাবে সফল বলতে পারি?’

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। চুক্তির স্বাক্ষরকারী হিসেবে জনসংহতি সমিতিরও দায়বদ্ধতা রয়েছে। শুধু সরকারকে দায়ী না করে চুক্তি বাস্তবায়নে সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

পাহাড়ের অন্যতম সমস্যা হিসেবে গোষ্ঠীকেন্দ্রিক ও ক্ষুদ্র দলীয় রাজনীতিকে চিহ্নিত করেন তিনি। তার মতে, পাহাড়ি নেতৃত্ব এই সংকীর্ণ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে না পারলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে অন্যান্য জাতিগোষ্ঠীর নেতাদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পাহাড়ি ও বাঙালি নেতাদেরও জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী সেখানে গেলে সামরিকীকরণের অভিযোগ তোলা হয়। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সংঘাতের কারণগুলো দূর করার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় সেনাবাহিনী বা নিরাপত্তা স্থাপনা থাকবে, তা রাষ্ট্রীয় নীতির বিষয়। চুক্তির পর যেসব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে, সেসব এলাকার নিরাপত্তা পরিস্থিতিও মূল্যায়ন করা প্রয়োজন। তার অভিযোগ, কিছু এলাকায় ক্যাম্প প্রত্যাহারের পর সন্ত্রাসীরা সেসব স্থান দখল করেছে।

পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, একদিকে সংঘাতময় মিয়ানমার, অন্যদিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে। এ অবস্থায় বাংলাদেশের সীমান্ত সুরক্ষায় সেনাবাহিনী ও বিজিবির ভূমিকা জাতীয় নিরাপত্তার অংশ।

পাহাড়ের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তন নিয়েও বিভিন্ন অভিযোগ ও উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। এ বিষয়ে নিরপেক্ষ তথ্য ও গবেষণার ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের জাতিগত, ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতা পর্যালোচনার আহ্বান জানান।

চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে একটি স্বাধীন মূল্যায়ন কমিশন গঠনের প্রস্তাব দেন অধ্যাপক মাহফুজ পারভেজ। তিনি বলেন, কোনো ব্যক্তি বা নির্দিষ্ট নেতার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। পাহাড়ের সব জনগোষ্ঠী ও অংশীজনের মতামত নিয়ে চুক্তির কার্যকারিতা পর্যালোচনা করতে হবে। ভূমি বিরোধসহ অন্যান্য সংকট সমাধানে বহুপক্ষীয় সংলাপের মাধ্যমে নতুন রূপরেখা তৈরি করা প্রয়োজন।

পাহাড়ের উন্নয়নকে শুধু দালানকোঠা ও অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সংস্কৃতি, জীবনমান ও জীবনবোধের উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, মানুষের জীবনমানের উন্নয়ন ঘটলে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতা কমানো সম্ভব হবে।

অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, আগামী ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে চট্টগ্রাম থেকে নাগরিক সংলাপের মাধ্যমে চুক্তির পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। প্রয়োজনে চুক্তি বাতিল করে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও বর্তমান বাস্তবতার আলোকে সব নাগরিকের অংশগ্রহণে নতুন চুক্তির রূপরেখা প্রণয়ন করতে হবে।

শিক্ষাবিদ ড. শরিফ আশরাফুজ্জামানের সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শুধু চাকমা, মারমা বা ত্রিপুরা জনগোষ্ঠীর আবাসভূমি নয়, সেখানে দীর্ঘদিন ধরে বাঙালিরাও বসবাস করছেন। তাই পাহাড়ের নীতিনির্ধারণী আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে পাহাড়ি-বাঙালি সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অধ্যাপক তৈয়ব বলেন, গত ৩০ বছরে রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনা ও সংলাপে দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষাবিদদের যুক্ত করার সুযোগ দেওয়া হয়নি। পার্বত্য অঞ্চলে বাঙালিরা মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। অথচ জেলা পরিষদসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রতিনিধিত্বমূলক কাঠামোতে তাদের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত হয়নি। জনসংখ্যার অনুপাত বিবেচনায় বাঙালিদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্বের ন্যায্য হিস্যা দিতে হবে।

ভূমি ক্রয় ও নাগরিক অধিকারের বৈষম্য দূর করার দাবি জানিয়ে ড. আবু তৈয়ব বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরা দেশের অন্যান্য স্থানে জমি কিনতে পারলেও বাঙালিদের পার্বত্য অঞ্চলে জমি কেনার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বার্থ ও অধিকার সংরক্ষণের পাশাপাশি বাঙালিদের নাগরিক অধিকারও সুরক্ষিত করতে হবে। এসব অসংগতি দূর করা না হলে আগামী ৫০ বছরেও চুক্তির সঠিক বাস্তবায়ন সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

সংলাপে আরও বক্তব্য দেন নাজমুল ইসলাম চৌধুরী, হাসিনা জাকারিয়া, রাজনীতিবিদ গোলাম ফারুক ও ইমন মোহাম্মাদ প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর