আহত আরও ৪
ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে প্রাণ গেল বাবার
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হেলাল উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। এ ঘটনায় তার পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বারইয়ারহাট থেকে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে আবুরহাটে ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিন। পাত্রী দেখা শেষে ফেরার পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে তার চালিত সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। আহত হন তার পরিবারের অন্য চার সদস্যও।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি চারজনের কেউ হাতে, কেউ পায়ে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













