জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
সিভয়েস২৪ ডেস্ক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।
রবিবার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে গত ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে হাইকোর্টে জামিনের আবেদন করেন তিনি।
গত ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে তারা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।
এজাহারে বলা হয়, যাত্রীর চাপ বেশি থাকায় লাগেজ সংগ্রহের এলাকায় ট্রলি সংকট ও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এ সময় কয়েকজন প্রটোকল সহকারীর বিরুদ্ধে লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। পাশাপাশি লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর সঙ্গে বিমানবন্দরের দায়িত্বশীল ব্যক্তিদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।
রাজনৈতিক জীবনে দীর্ঘদিন বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন আখতারুজ্জামান। তবে ২০২২ সালে তাকে পঞ্চমবারের মতো দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
রাজনীতি সব খবর















