Cvoice24.com

উখিয়ায় মাছের ঘেরে কিশোরের মরদেহ, পরিচয় মেলেনি

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:৪৭, ১ নভেম্বর ২০২৬
উখিয়ায় মাছের ঘেরে কিশোরের মরদেহ, পরিচয় মেলেনি

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) সকাল সোয়া নয়টার দিকে ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বালুখালী বিজিবি বিওপির বাংলাদেশ সীমান্ত পিলার ২৮ থেকে প্রায় ২০০ গজ ভেতরে মাস্টারকাটি এলাকার একটি মাছের ঘেরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। ঘেরটি স্থানীয় বাসিন্দা মামুনের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ওই কিশোরের নাম-পরিচয় ও ঠিকানা শনাক্ত করা যায়নি। তার পরিবারের সদস্যদেরও পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।