রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত, আহত ১
রোহিঙ্গা ক্যাম্পে আরসার হামলায় আরএসও সদস্য নিহত, আহত ১
উখিয়া-টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মো. আয়াস (২২) নামের এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ছৈয়দ মোহাম্মদ (২৪) নামের আরও এক যুবক আহত হয়েছেন। নিহত ও আহত দুজনই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ক্যাম্পের নিজ ঘর থেকে তাদের তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত আয়াস ওই ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহর ছেলে। আহত ছৈয়দ মোহাম্মদ একই ক্যাম্পের ফকির আহমেদের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পরিবারের সদস্য ও সাধারণ রোহিঙ্গাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আয়াস ও ছৈয়দ মোহাম্মদকে আটক করে নিজেদের হেফাজতে নেয় আরসার সদস্যরা। পরে তাদের মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই আয়াসের মৃত্যু হয়।
আহত ছৈয়দ মোহাম্মদকে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
এপিবিএনের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার সব খবর















