রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন
পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এন কামাল হোসেনের (৮৬) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার পর জানাজা শেষে তাঁকে পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে দুপুর ২টায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পেকুয়া থানা পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
একই স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন। জানাজায় ইমামতি করেন তাঁর ছোট ভাই মাওলানা মইনুদ্দিন।
গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, জাফর আলম ও মোহাম্মদ হোসাইন; পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, উজানটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম চৌধুরী, চকরিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিব উদ্দিন মিন্টু, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনচারী, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এম এমরান আহমেদ ও সাধারণ সম্পাদক এম দিদারুল করিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কামাল হোসেন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ছিলেন প্রবীণ শিক্ষক, আইনজীবী ও স্থানীয় রাজনীতির পরিচিত মুখ। পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেন তিনি। শিক্ষকতা জীবনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অঞ্চলের অনেক বিশিষ্ট ব্যক্তি তাঁর ছাত্র ছিলেন।
স্থানীয় রাজনীতিতে যুক্ত হওয়ার পরও শিক্ষকতা ও আইন পেশার সঙ্গে তাঁর সম্পৃক্ততা ছিল। দায়িত্ব পালনকালে সততা, নিরপেক্ষতা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বিএনপি ও আওয়ামী লীগ—উভয় সরকারের আমলে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক পেয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন কক্সবাজার জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
কামাল হোসেন পেকুয়া পৌরসভার পূর্ব গোয়াখালী এলাকার মরহুম আলহাজ কবির আহমদ সওদাগরের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি মা, দুই ভাই, পাঁচ বোন, স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবরে পেকুয়ায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যক্তিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম বদিউল আলম।
কক্সবাজার সব খবর















