চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় চুরি, খোয়া গেল ১৯ লাখ টাকার মালামাল
চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে দিনের বেলায় বাসার দরজার তালা ভেঙে এক প্রধান শিক্ষকের বাসা থেকে ১৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ছাড়া তিনটি চেক বইও নিয়ে গেছে চোরেরা।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে উপজেলার বরকল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীবাজার এলাকার জাকির ম্যানশনের তৃতীয় তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল কবির চৌধুরী (৫৪) বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক। তাঁর স্ত্রী হানিফা বেগম কানাইমাদারী কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্বামী-স্ত্রী দুজনই বাসায় তালা দিয়ে কর্মস্থলে যান। দুপুর ১টার দিকে তাঁদের মেয়ে নাফিসা মোবাশশিরা (১৩) স্কুল থেকে ফিরে দরজার তালা ভাঙা দেখতে পায়। পরে ঘরে ঢুকে আসবাব ও কাপড়চোপড় এলোমেলো এবং স্টিলের আলমারি খোলা দেখতে পায় সে।
নুরুল কবির চৌধুরীর অভিযোগ, আলমারিতে রাখা তাঁর স্ত্রীর সাত ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা এবং তিনটি চেক বই চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে তিনটি চেইন, একটি হার, একটি ব্রেসলেট ও দুটি আংটি রয়েছে। স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা বলে দাবি তাঁর।
ভুক্তভোগী জানান, আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলা ও পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে দেরি হয়েছে।
চন্দনাইশ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর















