কর্ণফুলীতে বৃক্ষরোপণ কর্মসূচি: মমতার ৪,৫০০ চারা বিতরণ
সিভয়েস২৪ ডেস্ক
‘একদিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ৪ হাজার ৫০০টি বৃক্ষের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।
বাংলাদেশ সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মোট ৬ হাজার ৫০০টি চারা বিতরণ করা হয়। এর মধ্যে মমতার পক্ষ থেকে ৪ হাজার ৫০০টি চারা সরবরাহ ও বিতরণ করা হয়েছে।
মমতার বিতরণ করা চারার মধ্যে রয়েছে পেয়ারা, কাঁঠাল, জাম, জলপাই, আমলকী, আতা, মেহগনি, গামারি, সেগুন, নিম, অর্জুন, হরীতকি ও সজিনা। ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির ১৩ প্রজাতির চারা উপজেলার বিভিন্ন এলাকায় রোপণের জন্য বিতরণ করা হয়।
স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, স্কুল ও মাদ্রাসার দায়িত্বশীল প্রতিনিধিদের কাছেও চারা হস্তান্তর করা হয়। এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণে স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মমতার উপপরিচালক কৃষিবিদ মু. এনামুল হক, সহকারী পরিচালক মো. মঞ্জুরুল আলম মনজু এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













