Cvoice24.com

নগরজুড়ে সবুজায়ন বাড়াতে ১০ লাখ গাছ লাগাবে চসিক

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:০৩, ২৭ অক্টোবর ২০২৬
নগরজুড়ে সবুজায়ন বাড়াতে ১০ লাখ গাছ লাগাবে চসিক

নগরে আগামী এক বছরের মধ্যে ১০ লাখ গাছ রোপণের লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। গত এক বছরে বিমানবন্দর থেকে মোহরা এবং সিটি গেট থেকে কর্ণফুলী পর্যন্ত প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সংস্থাটির সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন বিষয়ক সমন্বয় সভায় এ নির্দেশনা দেন চসিক প্রশাসক। 

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে চসিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় নগরে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে এ লক্ষ্য পূরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের মিড-আইল্যান্ড, বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন করা হচ্ছে। দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কদ্বীপে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ ও শিউলিসহ প্রায় ১০ প্রজাতির দেশীয় গাছ লাগানো হয়েছে।’

প্রশাসক আরও বলেন, ‘এয়ারপোর্ট রোডের সৌন্দর্যবর্ধন নগরবাসীর প্রশংসা পেয়েছে। এ ধরনের উদ্যোগ ফিরিঙ্গিবাজার সড়ক, কর্ণফুলী পার্কসংলগ্ন গোলচত্বর, আগ্রাবাদ এক্সেস রোড এবং শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কেও সম্প্রসারণ করতে হবে।’ আগ্রাবাদ এক্সেস রোডে সাইকেল লেন স্থাপনের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশনাও দেন তিনি।

নগরের জামালখান, প্রবর্তক মোড়, গোলপাহাড় ও মেডিকেল কলেজ এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানের সৌন্দর্য সংরক্ষণ, প্রতিকৃতি সংস্কার এবং নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রশাসক। তিনি বলেন, স্বল্প ব্যয়েও সঠিক পরিকল্পনা ও নান্দনিক নকশার মাধ্যমে আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলা সম্ভব। সবুজায়ন ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি জনপরিসরের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয় অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর