Cvoice24.com

প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ঢুকতে পারবে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১৪:২১, ২৬ অক্টোবর ২০২৬
প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ঢুকতে পারবে শিক্ষার্থীরা

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ দেওয়ার উদ্যোগকে আরও কার্যকর করতে এবার বর্জ্য সংগ্রহ, ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ।

সোমবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সমঝোতা স্মারকে জেলা প্রশাসনের পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি পাঠান মো. সাইদুজ্জামান। 

অন্যদিকে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী।

চুক্তি অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হবে। এসব বর্জ্য পরিবহন ও পুনর্ব্যবহারের দায়িত্ব পালন করবে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। পাশাপাশি চিড়িয়াখানায় বর্জ্য ফেলার পাত্র ও সুরক্ষাসামগ্রী সরবরাহ, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের ফলে চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে বর্জ্যের পুনর্ব্যবহার বাড়বে এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরি হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর