১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক
কক্সবাজার প্রতিনিধি
প্রায় ১০ মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত চলবে পর্যটন মৌসুম। এ সময় প্রতিদিন সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন। প্রত্যেককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠি অনুযায়ী, গত ১২ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় পর্যটক যাতায়াত নিয়ে এসব সিদ্ধান্ত হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে চলাচল করবে। জাহাজ পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ও নির্ধারিত নিয়ম মানতে হবে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রত্যেক পর্যটকের জন্য ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী ব্যবস্থা নেবে।
এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাও বহাল থাকবে।
বঙ্গোপসাগরে অবস্থিত সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল, সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দ্বীপটিতে পর্যটনের চাপ কমাতে পর্যটকের সংখ্যা সীমিত রাখা এবং পরিবেশ সংরক্ষণের বিধিনিষেধ কার্যকরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শহিদুল ইসলাম, উখিয়া, কক্সবাজার
কক্সবাজার সব খবর














