Cvoice24.com

চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
২০:০২, ২৩ অক্টোবর ২০২৬
চকরিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী এনআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সবজিবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলার ফুলের ডেইল এলাকার আবুল কালামের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং চকরিয়ার মাতামুহুরী রামপুর এলাকার মো. দুলালের ছেলে মো. ইয়াছিন (২৫)। তাঁরা পিকআপটির আরোহী ছিলেন।

মালুমঘাট হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সবজিবাহী পিকআপটি চকরিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে পিকআপটি খুটাখালীর নয়াপাড়া সবুজ পাহাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী শ্যামলী এনআর পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের দুই আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, নিহত দুজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।