১৮৬ প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম ১১ বছরের উসামা
মিরসরাই প্রতিনিধি, সিভয়েস২৪
পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ প্রতিযোগিতায় মিরসরাই উপজেলার ১৮৬ জন প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ১১ বছর বয়সী হাফেজ মোহাম্মদ উসামা। তার এ সাফল্যে শুক্রবার (২৩ অক্টোবর) তাকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের মিরসরাই সদরের মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসা।
জুমার নামাজের পর মিরসরাই মডেল মসজিদ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান হাফেজ মাওলানা মো. ইরফানুল হক। তিনি অনুষ্ঠানটি পরিচালনাও করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসামার বাবা ওমর ফারুক এবং সাংবাদিক আশরাফ উদ্দিন ও মোহাম্মদ ইউসুফ। এ সময় বিভিন্ন শিক্ষার্থীর অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
মাদ্রাসার প্রধান জানান, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত থানা পর্যায়ের এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৬ জন হাফেজ অংশ নেয়। মাদানিয়া ইমাম হাফস (রা.) মাদ্রাসার আট শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ধাপে কৃতিত্ব অর্জন করে। তাদের মধ্যে ৩০ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে উসামা।
উসামার বাবা ওমর ফারুক বলেন, তিনি বাংলা শিক্ষিত হলেও আরবি জানেন না। ছেলেকে আরবি শেখানোর উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। ছেলের অর্জিত কোরআনের শিক্ষা যেন তার জীবনে প্রতিফলিত হয়, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












