গ্রেপ্তার ১
ট্রাকের গোপন চেম্বারে মিলল ৩ লাখ ২০ হাজার ইয়াবা
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-১ জানতে পারে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে একটি ট্রাক কোতোয়ালি হয়ে সাগরিকার দিকে যাচ্ছে। পরে এ তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসানো হয়।
রাত ১টা ৫০ মিনিটের দিকে ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারের সন্ধান পাওয়া যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার চালকের দেখিয়ে দেওয়া স্থান থেকে তার হাতেই বের করা হয় ৩ লাখ ২০ হাজার ইয়াবা। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












