Cvoice24.com

নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের গোলচত্বর

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:১১, ২০ অক্টোবর ২০২৬
নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের গোলচত্বর

চট্টগ্রাম মহানগরের নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের নকশায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জিত গোলচত্বর। নগরের সৌন্দর্যবর্ধন ও বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এটি বাস্তবায়ন করা হয়েছে।

চসিকের জনসংযোগ বিভাগ জানায়, সাংঘিক বিহারের রূপকার অধ্যাপক ড. জিনবোধি মহাথেরের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বৌদ্ধ বিহারের সামনের গোলচত্বরে একটি পদ্মফুল স্থাপন করা। সাধারণ বৌদ্ধ নর-নারীরও এ প্রত্যাশা ছিল। অবশেষে চসিকের উদ্যোগে সেই প্রত্যাশা পূরণ হওয়ায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারের পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

অধ্যাপক ড. জিনবোধি মহাথের বলেন, শতাব্দীপ্রাচীন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুল স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।

বৌদ্ধ দর্শনে পদ্মফুল পবিত্রতা, প্রজ্ঞা ও আধ্যাত্মিক বিকাশের প্রতীক। পদ্মফুলের নান্দনিক নকশা ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো গোলচত্বরটি নগরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

ধর্মীয় সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পারস্পরিক সহাবস্থানের জন্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরে পরিচিত। নগরের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনও নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

সংশ্লিষ্টদের মতে, নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে পদ্মফুলের গোলচত্বর নির্মাণ নগরের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে জনপরিসরে তুলে ধরার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এ ধরনের উদ্যোগ চট্টগ্রামের নান্দনিকতা বৃদ্ধির পাশাপাশি নগরের বহুত্ববাদী সাংস্কৃতিক পরিচয়কেও আরও দৃশ্যমান করবে।