Cvoice24.com

শারদীয় দুর্গোৎসব, মহাঅষ্টমী আজ

নিউজ ডেস্ক, সিভয়েস২৪
১০:৪২, ১৯ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসব, মহাঅষ্টমী আজ

শারদীয় দুর্গোৎসবের আজ মহাঅষ্টমী। এদিনের অন্যতম প্রধান আকর্ষণ কুমারী পূজা ও সন্ধিপূজা। মহাঅষ্টমী উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে পূজা-অর্চনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। বিশেষ পূজা শেষে আয়োজন করা হবে কুমারী পূজা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধিপূজা।

কুমারী পূজায় একটি কুমারী বালিকার মধ্যে দেবী দুর্গার মাতৃরূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। 

সাধারণত এক থেকে ১৬ বছর বয়সী অবিবাহিত কন্যাকে জীবন্ত দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। পৃথিবীর সব নারীর প্রতি মাতৃভাব জাগ্রত করা এবং মানবকূলে পরম আদ্যাশক্তির মাতৃরূপ উপলব্ধি করাই এ পূজার মূল আধ্যাত্মিক উদ্দেশ্য। কুমারী পূজা শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এদিকে, দুর্গোৎসব ঘিরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পূজামণ্ডপে বিরাজ করছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল, কাঁসর ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠেছে জেএমসেন হল, চকবাজার, রাজাপুকুর লেন, দেওয়ানজী পুকুরপাড়, জামালখান, সদরঘাট, পাথরঘাটা, আগ্রাবাদ, নন্দনকানন ও চট্টেশ্বরীসহ নগরীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ।

মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী পালিত হবে। এরপর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।

এ বছর চট্টগ্রাম মহানগর এলাকায় ২৯৪টি এবং জেলার ১৬টি উপজেলা ও পৌরসভায় ১ হাজার ৬৫৫টি সার্বজনীন প্রতিমা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া জেলায় ৬১৯টি ঘটপূজার আয়োজন করা হয়েছে।

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপে পুলিশ, আনসার, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। উৎসব নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা।