Cvoice24.com

সীতাকুণ্ডে গুলিতে যুবক নিহত, আহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৯, ১৭ অক্টোবর ২০২৬
সীতাকুণ্ডে গুলিতে যুবক নিহত, আহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দাম নামের এক ব্যক্তির অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ এলাকার কোরবান আলীর বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত আলী আহমদ এবং মা জমিলা খাতুন। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, এলাকার কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে তারেক ও তাফসির গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ তাফসির আলম শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এতে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।